মোস্তফা কামাল সুমন: চলতি বছরে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাচ্ছে দেশবাসী। ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে প্রায় ৯ দিন এই ছুটি চলছে। এ দীর্ঘ ছুটির মাঝেও সচল ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম। পৌর এলাকা সহ উপজেলার ১৭টি ইউনিয়নেই সক্রিয় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম। ঈদের টানা ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীরা এবং মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করেন। উপজেলায় পরিবার পরিকল্পনা সেবার আওতায় নরমাল ডেলিভারী, ইনজেশন প্রদান, খাবার বড়ি বিতরণ, কনডম বিতরণ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জের বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে এক মহিলা বলেন, ঈদের ভিতরেই শরীর ভালো হয়। আমাদের অল্প কিছুদিন আগে বিয়ে হয়েছে। তাই এই ছুটির মাঝেই ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। তিনি আরও জানান, ঈদের ছুটির মাঝেই স্থানীয় পরিবার কল্যাণ সহকারীর কাছ থেকে তিনি ইনজেকশন গ্রহণ করেন। সাপমারা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী সংগীতা রানী সাহা জানান, ঈদের এই ছুটিতে তিনি তার ইউনিটের দম্পতিদের মাঝে ০৮ টি ইনজেকশন, ২০ সাইকেল খাবার বড়ি এবং ৯৬ পিচ কনডম বিতরণ করেন।
মহিমাগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা কামরুন নাহার জানান, ঈদের এই লম্বা ছুটিতে তিনি পাঁচটি নরমাল ডেলিভারি করেন। এছাড়াও সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মিডওয়াইফ নিপা সরেন জানান, তাদের কেন্দ্রেও পরিবার পরিকল্পনা সেবা চালু ছিল। ঈদের ছুটির মধ্যেও কেন্দ্রে তিনটি নরমাল ডেলিভারি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) আব্দুল জলিল জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই কার্যক্রম সক্রিয় ছিল। উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সবাই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে। আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।